সাড়ে ১৪ হাজার টিকিটের জন্য ‘হিট’ প্রায় ২ কোটি

৩ জুন, ২০২৪ ১৩:০৫  

ঈদুল আজহা উপলক্ষে সোমবার (৩ জুন) দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট কিনতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ কোটি ৯০ লাখ বার চেষ্টা (হিট) হয়েছে। এরমধ্যে পশ্চিমাঞ্চলের টিকিট পেয়েছেন সাড়ে ১৪ হাজার যাত্রী।

সোমবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি জানান, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের সাড়ে ১৪ হাজার টিকিট বিক্রি শুরু হয়। টিকিট কিনতে ১ কোটি ৯০ লাখ হিট পড়েছে। দুপুর ২টার পর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।

আজ যারা অনলাইনে টিকিট কিনেছেন তারা ১৩ জুন ভ্রমণ করতে পারবেন।

এর আগে রোববার থেকে রেলের অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর প্রথম ঘণ্টার মধ্যেই রংপুর বিভাগের আট জেলার টিকিট বিক্রি শেষ হয়ে যায়। টিকিট শেষ হয়ে যাওয়ায় হাহাকার দেখা দেয় যাত্রীদের মধ্যে। প্রথম ৩ ঘণ্টায় যাত্রীদের টিকিট কাটতে প্রায় ৭০ লাখ হিট পড়ে। এ সময় উত্তরবঙ্গের টিকিটের অনেক চাহিদা ছিল। পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনার কিছু টিকিট তখনও অবিক্রিত ছিলো। প্রথম ৪ ঘণ্টায়ই ১৪ হাজার ১৫৭টি টিকিটের মধ্যে প্রায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে যায়। প্রথম আধা ঘণ্টায় ৬০ লাখ হিট হয় ওয়েবসাইটে। পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনাতে অল্প পরিমাণ টিকিট অবিক্রীত থাকে। অপরদিকে পূর্বাঞ্চলের ১৫ হাজার ৮১১টি টিকিটের মধ্যে সাড়ে ৪ ঘণ্টায় ৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। প্রথম আধা ঘন্টায় পূর্বাঞ্চলের টিকিটের জন্য ওয়েবসাইটে হিট হয় ২৮ লাখ। তবে রাত ৮টা পর্যন্ত  পূর্বাঞ্চলের অর্ধেক সিট অবিক্রিত ছিলো।